দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন, জিআর চাল, চেক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে ৬১টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়া ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। একই সঙ্গে ৯০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ২০ কেজি করে জিআর চাল দেওয়া হয়।
এছাড়াও ২ জনকে হেয়ারিং এইড, ২ জনকে কর্নার চেয়ার এবং ৫ জনকে ট্রাইসাইকেল প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, “বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।”
তিনি আরও বলেন, কোনো অসহায় মানুষ যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-বিরামপুর সার্কেলের এএসপি নিয়ামত উল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সহায়তা পাওয়া উপকারভোগীরা সরকারের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
মতামত