বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল আউয়াল।
সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। পরে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ,সম্মানিত শিক্ষকমন্ডলি, আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। সকলে মাদ্রাসার দীর্ঘ ৫০ বছরের শিক্ষা কার্যক্রম, স্মৃতি ও বিভিন্ন অর্জন নিয়ে স্মৃতিচারণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী মাদ্রাসার উন্নয়নে ১ কোটি টাকা অনুদান দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি মাদ্রাসাটি সরকারি করণের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সুবর্ণজয়ন্তীর দ্বিতীয় অধিবেশনে কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়। এতে জাহাঙ্গীর আলমকে সভাপতি এবং অ্যাডভোকেট সোলাইমানকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) ও এডভোকেট শাহাদাৎ হোসেনকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
মতামত