রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশপাশের অঞ্চলে এ যাবতকালের অন্যতম বৃহৎ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবারের (৩০ জুন) এই হামলায় ক্রেমলিনের একটি গুরুত্বপূর্ণ উপগ্রহ যোগাযোগ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ৬ মাস বয়সী এক শিশু এবং অন্য একটি অঞ্চলে এক নারীর মৃত্যু হয়েছে। ক্রেমলিনকে যুদ্ধ বন্ধে বাধ্য করতে ইউক্রেনের ঘোষিত '৪০ দিনের বিশেষ অভিযান'-এর অংশ হিসেবে রাশিয়ার ভেতরে এই দীর্ঘপাল্লার ড্রোন হামলা দিন দিন আরও জোরদার করা হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে মস্কোর উত্তরে অবস্থিত 'দুবনা স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার'-এ সফলভাবে আঘাত হেনেছে তাদের ড্রোন। রাশিয়ার সশস্ত্র বাহিনীর গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং যুদ্ধক্ষেত্রের সমন্বয়ের জন্য এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার কৌশলগত এই স্থাপনাটিতে ইউক্রেনীয় ড্রোন সফলভাবে আঘাত হানল। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার সীমান্ত অঞ্চল ব্রায়ানস্কের আকাশ প্রতিরক্ষা রাডারগুলো ক্রমান্বয়ে ধ্বংস করার ফলেই মস্কো ও সেন্ট পিটার্সবার্গের আকাশে এই 'উন্মুক্ত করিডোর' তৈরি করা সম্ভব হয়েছে।
রাশিয়া দুবনা উপগ্রহ কেন্দ্রে আঘাতের বিষয়টি সরাসরি নিশ্চিত না করলেও মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিভ জানিয়েছেন, সেখানে একটি 'প্রশাসনিক ভবন' ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মস্কোর দক্ষিণ-পূর্বে অবস্থিত ইয়েগোরিয়েভস্ক শহরে। সেখানে একটি আবাসিক বাড়ির ওপর ড্রোন বিধ্বস্ত হলে ধ্বংসস্তূপের নিচে পুরো একটি পরিবার চাপা পড়ে। উদ্ধারকর্মীরা দুই প্রাপ্তবয়স্ক ও দুই শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও হাসপাতালে নেওয়ার পথে মাত্র ছয় মাস বয়সী এক অবোধ শিশুর মৃত্যু হয়। এছাড়া রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ত্বের (Tver) অঞ্চলে ভূপাতিত করা একটি ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে ৬১ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, সোমবার রাত থেকে শুরু হওয়া এই বহুমাত্রিক ড্রোন হামলার মুখে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী কেবল রাজধানীর আকাশেই ৬০টিরও বেশি ড্রোন গুলি করে নামিয়েছে। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি—সব মিলিয়ে তারা ৪১৯টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত বা ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই ভয়াবহ হামলার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কিয়েভের তীব্র সমালোচনা করে সাংবাদিকদের বলেছেন, "বেসামরিক মানুষ কষ্ট পাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে।" তেল শোধনাগারের পর এবার সরাসরি রাশিয়ার খাস রাজধানীতে যুদ্ধের আঁচ চলে আসায় রুশ সাধারণ নাগরিকদের মধ্যেও ক্ষোভ ও অসন্তোষ ক্রমশ দানা বাঁধছে।
তথ্যসূত্র: সিএনএন (CNN) / রয়টার্স
মতামত