দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৪ হাজার ৭৩১ কোটি টাকা কম রাজস্ব আদায় হওয়ায় বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি শুল্ক ফাঁকি, ওজন জালিয়াতি, মিথ্যা ঘোষণা এবং ঘোষণাবহির্ভূত পণ্য আমদানির অভিযোগে তদন্ত কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
কাস্টমস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ২৯০ কোটি টাকা। তবে অর্থবছর শেষে রাজস্ব আদায় হয়েছে ৬ হাজার ৫৫৯ কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩১ কোটি টাকা। এছাড়া আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় প্রায় ৪৭০ কোটি টাকা কমেছে।
আমদানি পরিসংখ্যানেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। চলতি অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ১৪ লাখ ২ হাজার ১৪৪ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। আগের অর্থবছরে এই পরিমাণ ছিল ১৫ লাখ ৯৯ হাজার ২০১ মেট্রিক টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমদানি কমেছে প্রায় ১ লাখ ৯৭ হাজার মেট্রিক টন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আন্তর্জাতিক বাণিজ্যের ধীরগতি, শুল্ক কাঠামোর পরিবর্তন এবং আমদানি হ্রাসের কারণে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে সাম্প্রতিক সময়ে ওজন কারচুপি, মিথ্যা ঘোষণা, ঘোষণাবহির্ভূত পণ্য আমদানি, শেড থেকে পণ্য আত্মসাৎ এবং ভুয়া এন্ট্রি পাস ব্যবহারের মতো অভিযোগ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
কাস্টমস সূত্র জানিয়েছে, গত মার্চ থেকে জুন পর্যন্ত শুল্ক ফাঁকি ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে চারটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ৫৪ জনকে আসামি করা হয়েছে। একই সময়ে ৯টি সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়া কয়েকজন কাস্টমস কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে সম্প্রতি ভারতীয় খালি ট্রাকের ওজন জালিয়াতি, বেকিং পাউডারের ঘোষণার আড়ালে উচ্চ শুল্কের শাড়ি, থ্রি-পিস, আচার, ইরেজার ও পেনসিল আমদানির চেষ্টা এবং কেমিক্যাল জোন থেকে পণ্য সরিয়ে নেওয়ার মতো ঘটনাগুলোর পৃথক তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির নেতারা বলেছেন, শেডের ভেতরে পণ্য আত্মসাৎ কিংবা শুল্ক ফাঁকির ঘটনায় শুধু বাহ্যিকভাবে দায়ীদের নয়, বরং সংশ্লিষ্ট সব পক্ষের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। এতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ওজন জালিয়াতিসহ যেকোনো অনিয়মের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের রাজস্ব সুরক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে। শুল্ক ফাঁকি বা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজস্ব আহরণ কেন্দ্র হিসেবে বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতির প্রকৃত কারণ উদঘাটন, স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা এবং প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করা এখন সময়ের দাবি।
মতামত