যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী বেনাপোল আইসিপি এবং আমড়াখালী সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে উন্নত মানের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, শাল চাদর, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত এই মালামালের আনুমানিক বাজারমূল্য ২,২৯,৭৫০ (দুই লক্ষ ঊনত্রিশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে মাদক ও শুল্ক ফাঁকি দিয়ে আসা অবৈধ মালামাল পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে এই অভিযান চালানো হয়।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।
মতামত