মহেশখালীতে টানা বর্ষণে পাহাড় ধসের ভয়াবহতা, মাটিচাপা পড়ল বসতঘর; নারী-শিশুসহ আহত অনেকে
ফাহিমুল ইসলাম। মহেশখালী (কক্সবাজার)
কয়েক দিনের টানা অতি বৃষ্টির প্রভাবে কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী জুমপাড়া এলাকায় ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে আকস্মিক এ পাহাড় ধসে কয়েকটি বসতঘর মাটির নিচে চাপা পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় থাকা নারী, পুরুষ ও শিশুসহ একাধিক ব্যক্তি ঘরের ভেতরে আটকা পড়েন।
স্থানীয়রা জানান, গভীর রাতে পাহাড় ধসের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় মসজিদের মাইকে জরুরি ঘোষণা দেওয়া হলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা উদ্ধার কাজে অংশ নেন এবং মাটিচাপা ঘরগুলো থেকে আটকে পড়া নারী, শিশু ও পুরুষদের জীবিত উদ্ধার করেন।
এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। একজন নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি দুর্বল হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় গভীর রাতে হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে বসতবাড়ির ওপর পড়ে। এতে কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর ছেড়ে অন্যত্র চলে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের দাবি, পাহাড় ধসের ঝুঁকিতে থাকা এলাকাগুলো দ্রুত চিহ্নিত করে সেখানে বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া প্রয়োজন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তারা।
এদিকে, মৌসুমি ভারী বর্ষণের কারণে মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা বেড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।
মতামত