আসন্ন বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শহরের আকাশে-বাতাসে বইছে এখন নতুন স্বপ্নের গুঞ্জন আর পরিবর্তনের হাওয়া। দীর্ঘ অবহেলা পেরিয়ে সাধারণ মানুষের হৃদয়েও একজন জনবান্ধব ও আধুনিক অভিভাবক পাওয়ার গভীর আকাঙ্ক্ষার জন্ম হয়েছে। আর সেই আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন শেরপুর কলেজের সাবেক তুখোড় ভিপি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিন্টু। তাকে ঘিরে পৌরবাসীর এই অভূতপূর্ব উন্মাদনা যেন জানান দিচ্ছে, শেরপুর এবার এক নতুন ভোরের অপেক্ষায়।
সরকারের উচ্চপর্যায়ের পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে এই বিশাল কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে। যার ধারাবাহিকতায় পরবর্তী ১০ থেকে ১২ মাসের মধ্যে পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন—প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের এমন বক্তব্যে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে নির্বাচনী হাওয়া। আর এই আবহের ঢেউ লেগেছে শেরপুর পৌরসভাতেও।
এদিকে, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় রফিকুল ইসলাম মিন্টু একজন দক্ষ সংগঠক ও জনসম্পৃক্ত নেতা হিসেবে পরিচিত। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও বিভিন্ন সময় মানবিক বিভিন্ন উদ্যোগে তার অংশগ্রহণ নজর কেড়েছে স্থানীয় মানুষের। ফলে পৌর নির্বাচন সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তাকে ঘিরে আলোচনা ক্রমেই জোরালো হয়ে উঠছে। শেরপুরের বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা ও চায়ের আড্ডায় নাগরিক সমস্যার পাশাপাশি সম্ভাব্য নেতৃত্ব নিয়েও চলছে বিস্তর আলোচনা।
অনেকেই মনে করছেন, পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা এবং সরল আচরণ বজায় রেখে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ একজন জনপ্রতিনিধির গুরুত্বপূর্ণ গুণ—আর এসব কারণেই আলোচনায় এগিয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিন্টু।
স্থানীয় তরুণদের একটি অংশের মতে, পরিকল্পিত নগর ব্যবস্থাপনা, উন্নত নাগরিক সেবা, জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যার কার্যকর সমাধান এবং আধুনিক পৌর প্রশাসন গড়ে তুলতে দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন। এ কারণেই তারা সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় রফিকুল ইসলাম মিন্টুকে গুরুত্বের সঙ্গে দেখছেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রফিকুল ইসলাম মিন্টুর অন্যতম শক্তি হলো বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ এবং অমায়িক ব্যবহার।
তৃণমূলের নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘ কয়েক যুগ ধরে মিন্টু রাজপথের পরীক্ষিত কর্মী এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি যেকোনো প্রয়োজনে সবার আগে পাশে দাঁড়িয়েছেন তিনি। ফলে নির্বাচনী সমীকরণে তার নাম স্বাভাবিকভাবেই গুরুত্ব পাচ্ছে।
শহরের এক সচেতন নাগরিক বলেন, "আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি মানুষের কথা শুনবেন, নাগরিক সমস্যার দ্রুত সমাধানে উদ্যোগী হবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। মিন্টু ভাই সত্যিই সুন্দর মনের একজন মানুষ। তার আচরণেই প্রকাশ পায় তার নিষ্পাপ মনোভাব। তাই আমরা তাকে ঘিরেই আগামীর কথা ভাবছি।"
নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনও ঘোষণা হয়নি। তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনা যত এগোচ্ছে, শেরপুর পৌরসভার সম্ভাব্য নেতৃত্ব নিয়ে জনমতও তত সক্রিয় হয়ে উঠছে। সেই আলোচনা থেকে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিন্টু অন্যতম আলোচিত নাম হিসেবে বারবার উঠে আসছেন। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত, নির্বাচনী পরিবেশ এবং ভোটারদের রায়ই নির্ধারণ করবে শেরপুর পৌরসভার আগামী দিনের নেতৃত্ব।
মতামত