দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সংস্কারবঞ্চিত হয়ে পড়ে আছে মহেশখালীর ফকিরাঘোনা-গুরাপাড়া সড়ক। গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল দশার কারণে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, শিক্ষার্থী ও রোগীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর পড়ছে না। সময়ের সঙ্গে সঙ্গে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে কাদা ও পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
এলাকাবাসী জানান, ফকিরাঘোনা-গুরাপাড়া সড়কটি স্থানীয় মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম মাধ্যম। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং জরুরি প্রয়োজনে এই সড়কের ওপর নির্ভর করতে হয়। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দশ বছরেরও বেশি সময় ধরে রাস্তাটির এই অবস্থা। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের কাছে একাধিকবার জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। প্রতিদিন আমাদের কষ্ট করে চলাচল করতে হচ্ছে।”
স্থানীয়দের দাবি, শুধু সাময়িক মেরামত নয়, দ্রুত পরিকল্পিতভাবে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার করা প্রয়োজন। এতে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
মতামত