দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী এ টি এম গোলাম মাওলা চৌধুরী। তিনি বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মব সন্ত্রাস দমন, দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠা করতে না পারলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হতে পারে। এজন্য রাজনৈতিক দল, প্রশাসন ও সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শনিবার রাজধানীর গণদলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।
এ টি এম গোলাম মাওলা চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে একটি উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে জনগণের প্রত্যাশা পূরণে সুশাসন, আইনের শাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে সবাই নির্বিঘ্নে নিজেদের মতামত প্রকাশ করতে পারছেন। এই পরিবেশকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক ধারা আরও সুসংহত করতে হবে। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এদিকে জাতীয়তাবাদী সমমনা জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতা মাফিকুল ইসলাম মুঠোফোনে যুগান্তরকে বলেন, সমমনা জোট দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও জনকল্যাণে কাজ করে যাচ্ছে। জনগণের অংশগ্রহণে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং কোনো অপশক্তিই দেশের অগ্রযাত্রা ও গণতান্ত্রিক অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারবে না।
সভায় জাতীয়তাবাদী সমমনা জোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
মতামত