দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে লাখো মানুষের দুর্ভোগে গভীর উদ্বেগ প্রকাশ করে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
শনিবার ১১ জুলাই ২০২৬ এক বিবৃতিতে তিনি বলেন, প্রবল বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে লাখো মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
তিনি বলেন, বিশুদ্ধ পানির সংকট, খাদ্যের অভাব এবং নিরাপদ আশ্রয়ের অভাবে অসহায় পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। গবাদিপশু নিয়ে বিপাকে রয়েছেন অনেক কৃষক। পাহাড়ি এলাকায় বহু পর্যটক আটকা পড়েছেন। অন্যদিকে, নদীভাঙনের কারণে অসংখ্য পরিবার তাদের ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। প্রায় চার হাজার হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
সাইফ মাহমুদ জুয়েল আরও বলেন, টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানসহ দেশের বিভিন্ন জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বন্যার ভয়াবহতা সবচেয়ে বেশি। বন্যার পানিতে বাড়িঘর, রাস্তাঘাট ও কৃষিজমি তলিয়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। একই সঙ্গে পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপও বৃদ্ধি পাচ্ছে। প্রয়োজনের তুলনায় ত্রাণ ও বিশুদ্ধ পানির সরবরাহ এখনও অপ্রতুল।
তিনি বলেন, “এটি মানবিক সংকটের সময়। দল-মত নির্বিশেষে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সরকার তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারের ওপর নির্ভর না করে সমাজের প্রতিটি সচেতন ও সামর্থ্যবান মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”
বন্যাদুর্গত মানুষের সহায়তায় সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিশেষ করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, মানবতার এই কঠিন সময়ে আমরা সবাই একসঙ্গে দাঁড়াই। অসহায় মানুষের মুখে হাসি ফিরিয়ে আনাই হোক আমাদের অঙ্গীকার।”
মতামত