ভিডিও সূত্রে শনাক্ত, সুনামগঞ্জে বিদ্যুতের তার চুরির ঘটনায় ভাঙারি ব্যবসায়ীসহ আটক ৫
সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের সংযোগ লাইনের মূল্যবান তার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় অভিযান জোরদার করেছে পুলিশ। একটি চুরির ঘটনার সময় স্থানীয় এক ব্যক্তির মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে চারজন চোরকে শনাক্ত ও আটক করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় চোরাই মালামাল কেনার অভিযোগে এক ভাঙারি দোকানদারকেও আটক করা হয়েছে। সবমিলিয়ে আটক করা হয়েছে পাঁচজনকে।
পুলিশ সূত্রে জানা যায়, ভিডিও ফুটেজ, বিভিন্ন তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে তাদের নিয়ে শহরের বিভিন্ন ভাঙারি দোকানে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম। তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
এদিকে, শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিদ্যুতের তার চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণে সুনামগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে চুরি ও অন্যান্য অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরাই মালামাল উদ্ধার ও জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত