সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধ, সাইবার নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
সভায় পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও এর অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজে বিভিন্ন ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সাইবার নিরাপত্তা–সংক্রান্ত আইন সম্পর্কে সাধারণ মানুষের ধারণা থাকা জরুরি।
তিনি বলেন, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখা উচিত। একই সঙ্গে সন্দেহজনক ফিশিং লিংক এড়িয়ে চলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
অভিভাবকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, শিশু ও কিশোরদের নিরাপদ ডিজিটাল চর্চায় অভ্যস্ত করে তুলতে পরিবারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে সন্তানদের শাস্তি না দিয়ে বিষয়টি ধৈর্যের সঙ্গে বোঝানো এবং তাদের মানসিকভাবে সহায়তা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা উচিত। যাচাই ছাড়া গুজব, বিভ্রান্তিকর তথ্য বা উসকানিমূলক বিষয় প্রচার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সচেতন প্রযুক্তি ব্যবহার, ব্যক্তিগত দায়িত্ববোধ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল মনোভাবের মাধ্যমে নিরাপদ ও ইতিবাচক ডিজিটাল সমাজ গড়ে তোলা সম্ভব।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মতামত