কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা কমিটির নেতৃবৃন্দ বুধবার (১৫জুলাই) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার এবং তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সৌজন্য সাক্ষাতে উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি,সামাজিক সম্প্রীতি, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখলে প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে। তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
পরে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি,সামাজিক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়ে মতবিনিময় হয়। এ সময় ওসি বলেন,একটি নিরাপদ ও শান্তিপূর্ণ তাড়াইল গড়ে তুলতে পুলিশ জনগণের পাশে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাবে।
সাক্ষাৎ শেষে এনসিপি নেতৃবৃন্দ প্রশাসনের আন্তরিকতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং তাড়াইল উপজেলার উন্নয়ন,জনস্বার্থ রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন,তাড়াইল উপজেলা এনসিপির আহ্বায়ক সার্জেন্ট (অব.) মহিউদ্দিন মাসুদ,সদস্য সচিব মুরাদসহ নবগঠিত উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য,গত ১৪ জুলাই ২০২৬ কিশোরগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাড়াইল উপজেলা শাখার ৮৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করে। নবগঠিত এ কমিটির আহ্বায়ক হিসেবে সার্জেন্ট (অব.) মহিউদ্দিন মাসুদ এবং সদস্য সচিব হিসেবে মুরাদ দায়িত্ব পান। প্রশাসনের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ নবগঠিত উপজেলা কমিটির প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।
মতামত