ঐতিহাসিক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত মাসব্যাপী কর্মসূচি সফল করার লক্ষ্যে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বগুড়া জেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশ।
আলোচনা সভায় শহর, কলেজ এবং জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় ঘোষিত মাসব্যাপী কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা, সাংগঠনিক প্রস্তুতি এবং নেতাকর্মীদের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক সংগ্রামের এক গৌরবময় অধ্যায়। শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদান যথাযথ মর্যাদায় স্মরণ করার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রদল মাঠে থেকে কেন্দ্রীয় ঘোষিত প্রতিটি কর্মসূচি সফল করবে।
সভা শেষে জেলা, উপজেলা, পৌর, কলেজ ও বিভিন্ন ইউনিট পর্যায়ের নেতাকর্মীদের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচিগুলো সফল করার আহ্বান জানানো হয়।
মতামত