কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সন্তান আসিফ আবদুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
সংগঠনের ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন করা হয়েছে। ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশনে ১২ জন নির্বাচিত ও একজন মনোনীত সদস্যের ছাত্রজীবন শেষ হয়ে যাওয়ায় সংবিধান অনুযায়ী উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
সারাদেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১২ জন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম কার্যকরী পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা করে আরও একজনকে মনোনয়ন দেন এবং সেক্রেটারিয়েট পুনর্গঠন করেন।
নতুন এই সেক্রেটারিয়েটে আসিফ আবদুল্লাহকে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
আসিফ আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ছাত্র পরিবহন সম্পাদক । তাঁর বাবা আজিজুর রহমান স্বপন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমির।
তাঁর এই দায়িত্বপ্রাপ্তিতে ভূরুঙ্গামারীসহ স্থানীয় বিভিন্ন মহল থেকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্র-যুবক ও শুভানুধ্যায়ীরা তাঁর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
মতামত