২০২৪ সালের ১৮ জুলাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। প্রধান ফটকের সামনে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান। ক্যাম্পাসজুড়ে বিরাজ করছিল থমথমে ও উত্তেজনাকর পরিস্থিতি।
সেই সংকটময় মুহূর্তে ছোট ছোট দলে থাকা পুলিশ সদস্যদের সামনেই দাঁড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমান। পুলিশের চোখে চোখ রেখে তাঁর সেই সাহসী আহ্বানের দৃশ্য সেদিন উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
সামনে পুলিশ, চারপাশে আতঙ্ক—তবুও পিছিয়ে যাননি মিজান। বরং একাই দাঁড়িয়ে সহপাঠীদের উদ্দেশে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। তাঁর সেই সাহসী ভূমিকা অনেক শিক্ষার্থীকে আন্দোলনে যুক্ত হতে অনুপ্রাণিত করে বলে জানান সেদিনের আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
সেদিনের সেই সাহসী মিজানই বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক।
১৮ জুলাই সকাল থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয় ও আশপাশের কর্ণকাঠি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল। আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপের অভিযোগ ওঠে। সংঘর্ষে বহু শিক্ষার্থী আহত হন।
এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও অন্যান্য আন্দোলনকারীরা প্রতিরোধ গড়ে তোলেন। সেদিনের আন্দোলনে মিজানের মতো সাহসী শিক্ষার্থীদের ভূমিকা আন্দোলনরতদের মধ্যে সাহস ও উদ্দীপনা তৈরি করে।
সেদিনের সেই মুহূর্তের স্মৃতিচারণ করে মিজান বলেন, “সেদিন পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। সামনে পুলিশ, চারপাশে আতঙ্ক—তবুও আমরা পিছিয়ে যাওয়ার কথা ভাবিনি। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলাম। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সেদিন যে প্রতিরোধ গড়ে উঠেছিল, তা ছিল আমাদের সবার সম্মিলিত সাহসের ফল।”
১৮ জুলাইয়ের সেই ঐতিহাসিক প্রতিরোধের পর কেটে গেছে দুই বছর। সময়ের সঙ্গে বদলেছে মিজানের পরিচয়। তবে বদলায়নি সেই দিনের সাহসী ভূমিকার স্মৃতি। পুলিশের সামনে দাঁড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের আহ্বান জানানো সেই তরুণ এখন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।
মতামত