হাওরের জলরাশির বুকে ভেসে চলেছে একটি ট্রলার। চারদিকে নীল আকাশ,দূর দিগন্তজোড়া পানি, বাতাসে হালকা ঢেউয়ের ছন্দ। সেই ছন্দে কখনও ভেসে উঠছে কবিতার পঙ্ক্তি, কখনও সমবেত কণ্ঠে গান, আবার কখনও সহকর্মীদের প্রাণখোলা হাসি। এমনই এক আনন্দঘন ও স্মরণীয় আয়োজনে প্রতিষ্ঠার ছয় বছর পূর্তি উদযাপন করেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রেস ক্লাব।
রবিবার (১৯ জুলাই) সকাল ৮টায় তাড়াইল পুরাতন ডাকবাংলো সংলগ্ন ট্রলারঘাট থেকে শুরু হয় দিনব্যাপী নৌভ্রমণ। ট্রলারযোগে প্রেস ক্লাবের সদস্যরা ঘুরে দেখেন কিশোরগঞ্জের অপার সৌন্দর্যের দুই হাওরাঞ্চল—মিঠামইন ও নিকলি। প্রকৃতির নৈসর্গিক রূপ যেন দিনটিকে উৎসবের রঙে রাঙিয়ে তোলে।
ভ্রমণের একপর্যায়ে সদস্যদের কণ্ঠে ধ্বনিত হয় কবিতা আবৃত্তি। এরপর একের পর এক পরিবেশিত হয় দেশাত্মবোধক গান, লোকসংগীত ও সমবেত সঙ্গীত। হাওরের বুকজুড়ে ছড়িয়ে পড়ে সুর, শব্দ আর অনুভূতির এক অপূর্ব মেলবন্ধন। সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতার এই সম্মিলন যেন প্রতিষ্ঠাবার্ষিকীকে এনে দেয় ভিন্নমাত্রা।
নৌভ্রমণের আরেক আকর্ষণ ছিল ট্রলারে রান্না করা দেশীয় খাবার। হাওরের টাটকা বিভিন্ন প্রজাতির মাছ, দেশি মুরগির মাংসসহ নানা সুস্বাদু খাবারে আপ্যায়িত হন সদস্যরা। প্রকৃতির সান্নিধ্যে এমন ভোজন যেন আনন্দকে আরও পরিপূর্ণ করে তোলে।
উল্লেখ্য, তাড়াইল উপজেলা প্রেস ক্লাব ২০২০ সালের ১৮ জুলাই প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা,স্থানীয় সমস্যা-সম্ভাবনা তুলে ধরা এবং জনস্বার্থে সংবাদ প্রকাশের মাধ্যমে তাড়াইল উপজেলার গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
প্রেস ক্লাবের সভাপতি মুকুট রঞ্জন দাস বলেন,ছয় বছরের এই পথচলায় সহকর্মীদের আন্তরিকতা ও মানুষের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। হাওরের এই নৌভ্রমণ শুধু একটি আনন্দ আয়োজন নয়;এটি আমাদের ঐক্য,সৌহার্দ্য ও পেশাগত দায়বদ্ধতার নতুন অঙ্গীকার।
সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন বলেন,সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়;পারস্পরিক বন্ধন, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চাও এর গুরুত্বপূর্ণ অংশ। এই আয়োজন সেই চর্চাকে আরও সমৃদ্ধ করেছে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং অর্থ সম্পাদক ওমর খান সানি। দিনব্যাপী নৌভ্রমণ শেষে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে,তখনও সদস্যদের মনে রয়ে যায় কবিতার আবেশ,গানের সুর আর হাওরের বুকজুড়ে কাটানো এক টুকরো স্মরণীয় সময়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই ব্যতিক্রমী আয়োজন যেন নতুন উদ্দীপনায় সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় হয়ে থাকে তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের প্রতিটি সদস্যের হৃদয়ে।
মতামত