সাংবাদিকদের সম্মানহানি ও তাঁদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সংযত আচরণ করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। অন্যথায় দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন এবং উচ্চ আদালতের মাধ্যমে প্রতিকার চাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।
ক্লাবের নেতৃবৃন্দের অভিযোগ, চিকিৎসক রাফসান জানি ও তাঁর শ্যালিকা সামিয়া আফরোজকে ঘিরে পূর্বের একটি অভিযোগ ও মামলা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, অতীতে সহযোগিতা চাওয়া ও অভিযোগ উত্থাপনকারী সামিয়া আফরোজের সঙ্গে পারিবারিকভাবে সমঝোতার পর সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যা সাংবাদিকদের মর্যাদাহানির শামিল।
নেতৃবৃন্দ আরও দাবি করেন, সংশ্লিষ্ট ঘটনায় অতীতে যেসব অভিযোগ, বক্তব্য ও তথ্য-প্রমাণ সামনে এসেছিল, সেগুলোর যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন, পারিবারিক সমঝোতা বা মামলার বর্তমান পরিস্থিতির কারণে পূর্বের অভিযোগগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন উঠলে বিষয়টি আইনগতভাবে যাচাই করা জরুরি।
তাঁদের মতে, কোনো অভিযোগের সত্যতা নির্ধারণের দায়িত্ব আদালত ও সংশ্লিষ্ট আইনগত কর্তৃপক্ষের। তবে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকে কেন্দ্র করে তাঁদের বিরুদ্ধে অসম্মানজনক বক্তব্য বা উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা চালানো হলে আইনসম্মতভাবে তার প্রতিকার চাওয়া হবে।
মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের সম্মান ও পেশাগত স্বাধীনতা রক্ষায় তাঁরা ঐক্যবদ্ধ। সংশ্লিষ্ট ব্যক্তিরা সংযত হয়ে ক্ষমা না চাইলে সংগঠনের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে দেশব্যাপী মানববন্ধন এবং উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পদক্ষেপ নেওয়া হবে।



মতামত