বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন নভোথিয়েটারের সামনে এ ঘটনা ঘটে। হামলার জন্য গণিত বিভাগের একদল শিক্ষার্থীকে দায়ী করে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও এশিয়া পোস্টের ক্যাম্পাস প্রতিনিধি আবু উবাইদা এবং একই বিভাগের আরেক শিক্ষার্থী আব্দুল কাদের জীবন। এছাড়া একই বিভাগের আরও কয়েকজন শিক্ষার্থীর পাশাপাশি বাংলা, লোকপ্রশাসন, সিএসই, হিসাববিজ্ঞান ও ইংরেজি বিভাগের একাধিক শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ফেসবুক পেজে গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরফান সিফাতকে নিয়ে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনার কথা বলে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু উবাইদা এবং সাংবাদিক আব্দুল কাদের জীবনকে নভোথিয়েটারের সামনে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর আরফান সিফাতের নেতৃত্বে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে।
এ সময় আহতদের উদ্ধারে এগিয়ে গেলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরও কয়েকজন শিক্ষার্থীও হামলার শিকার হন। পরে লোকপ্রশাসন, কোস্টাল অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ভুক্তভোগীদের অভিযোগ, লাঠি, রড, পাইপ ও ইটপাটকেল নিয়ে ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী পূর্বপরিকল্পিতভাবে এ হামলায় অংশ নেন। হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পাঁচ নেতাকর্মীও আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্তসহ একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করেছেন।
ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আরও কয়েকজন সাংবাদিকও হামলা ও হেনস্তার শিকার হন। অভিযোগ রয়েছে, 'আজকালের কণ্ঠ' এর সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন এবং 'দৈনিক আমার দেশ'-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাসুদ রানার ওপর হামলা চালানো হয়। এছাড়া ভিডিও ধারণের সময় তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও বিভিন্ন ভিডিওর ভিত্তিতে জানা যায়, হামলায় নেতৃত্ব দেন গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরফান সিফাত এবং একই ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. হাসান। এছাড়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইমতি, রিয়াজ ও নাইমসহ আরও ৪০ থেকে ৫০ জন এ হামলায় অংশ নেন বলে অভিযোগ রয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অমিও মন্ডল, রিপন মন্ডল ও নাহিদ ইসলাম, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আব্দুল কাদের ইমন, লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তানজিল, সিএসই বিভাগের সিফাত, হিসাববিজ্ঞান বিভাগের মারুফ এবং ইংরেজি বিভাগের আহনাফ।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আব্দুল কাদের জীবন বলেন, "আমার ওপর ২০-৩০ জন লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করেছে। আমি এখন হাসপাতালে ভর্তি। যারা এই হামলা চালিয়েছে, তাদের দ্রুত সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"
অভিযোগের বিষয়ে জানতে গণিত বিভাগের শিক্ষার্থী আরফান সিফাত ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. হাসানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে গনিত বিভাগের চেয়ারম্যান ড. বিজয় কৃষ্ণ সাহা বলেন, "আমার কাছে এখনো লিখিত আসেনি। গনিত বিভাগে ও গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আজকে এ বিষয়টি নিয়ে প্রক্টর অফিসে বসবো। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।"
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র উপদেষ্টা এবং সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন বলেন, "ঘটনা শোনার সাথে সাথেই আমি উপস্থিত হই। আমাদের বিভাগের ৮-৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, "আমরা উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ আহ্বান করেছি। অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।"
মতামত