মাদকের বিরুদ্ধে নোয়াখালী জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ সোনাইমুড়ী থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান-কে অর্থ পুরস্কারে সম্মানিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
সোমবার (২০ জুলাই) সকালে নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। মাদকবিরোধী অভিযানে অসাধারণ পেশাদারিত্ব, সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
জানা যায়, এসআই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত একটি সফল বিশেষ অভিযানে ০৫ (পাঁচ) কেজি গাঁজা এবং ১৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ অভিযানে তাঁর দক্ষতা, তৎপরতা ও আন্তরিকতা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা কুড়িয়েছে।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নোয়াখালী জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বশীল ও সফল পুলিশ সদস্যদের যথাযথ মূল্যায়ন এবং উৎসাহ প্রদান করা হবে, যাতে তারা আরও আন্তরিকতা ও উদ্দীপনার সঙ্গে জনসেবায় নিয়োজিত থাকতে পারেন।
তিনি আরও জানান, মাদক নির্মূলে নোয়াখালী জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।
জেলা পুলিশের এ ধরনের স্বীকৃতি ও প্রণোদনা মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি করবে এবং মাদক নির্মূলে চলমান অভিযানে নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মতামত