বৈদেশিক রেমিট্যান্স আহরণে বড় ধরনের মাইলফলক স্পর্শ করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘বাংলাদেশ কৃষি ব্যাংক’। বিগত কয়েক বছরে ধারাবাহিকভাবে অভাবনীয় সাফল্য দেখিয়ে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে প্রতিষ্ঠানটি। ২০২৫-২৬ অর্থবছর শেষে ব্যাংকটির সংগৃহীত রেমিট্যান্সের পরিমাণ ৪ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১০৭ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি।
পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, গত কয়েক বছরে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় প্রবাহে নাটকীয় পরিবর্তন এসেছে। ২০২১-২২ অর্থবছরে ব্যাংকটি মাত্র ৩৭১ দশমিক ৮৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আহরণ করে দেশের ব্যাংকগুলোর মধ্যে ১৭তম স্থানে ছিল। তবে পরের দুই অর্থবছরেই ইতিবাচক পরিবর্তনের আভাস মেলে; ২০২২-২৩ অর্থবছরে ৫২২ দশমিক ২৪ মিলিয়ন এবং ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৭১৮ দশমিক ৪৮ মিলিয়ন ডলারে, যার মাধ্যমে ব্যাংকটি তালিকার ১০ম স্থানে উঠে আসে।
এই ধারাবাহিক অগ্রগতির পর ২০২৪-২৫ অর্থবছরে ব্যাংকটির রেমিট্যান্স প্রবাহে এক বড় ধরনের উল্লম্ফন ঘটে। ওই অর্থবছরে ২,১১১ দশমিক ১৮ মিলিয়ন (২ দশমিক ১১ বিলিয়ন) মার্কিন ডলার আহরণ করে দেশের ব্যাংকগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে উঠে আসে কৃষি ব্যাংক। পরবর্তীতে ২০২৫-২৬ অর্থবছরের শেষ দিকে এসে তা ৪ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করার গৌরব অর্জন করে।
একক বর্ষপঞ্জি অনুযায়ী, কেবল ২০২৫ সালেই ৩ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স সংগ্রহ করে একটি নতুন রেকর্ড গড়েছিল ব্যাংকটি।
সাফল্যের এই ধারাবাহিকতায় চলতি ২০২৬ সালের জুন মাসেও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। শুধু জুন মাসেই ৪৪১ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আহরণ করে দেশের সব বাণিজ্যিক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে একক মাসের শীর্ষ অবস্থানটি নিজেদের দখলে নিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। প্রবাসীদের আস্থা বৃদ্ধি ও ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণের ফলেই রেমিট্যান্সে এই ঐতিহাসিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত