২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে হেরে শিরোপা হারানোর পর আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের ইঙ্গিত দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানিয়েছেন, সামনে কী করবেন তা নিয়ে তাকে গভীরভাবে ভাবতে হবে এবং হয়তো জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সময় চলে এসেছে।
ফাইনালে শুরু থেকেই স্পেনের একের পর এক আক্রমণ সামলে আর্জেন্টিনাকে ম্যাচে টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেন মার্টিনেজ। অসাধারণ সব রিফ্লেক্স সেভে তিনি একাধিক নিশ্চিত গোল ঠেকালেও অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোল রুখতে পারেননি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার।
পরাজয়ের কয়েক ঘণ্টা পর মঙ্গলবার (২১ জুলাই) বুয়েনস আইরেসে ফেরেন মার্টিনেজ। প্রবল ঠান্ডা ও বৃষ্টি উপেক্ষা করে বিমানবন্দরে উপস্থিত হাজারো সমর্থক তাকে স্বাগত জানান।
এরপর ইনস্টাগ্রামে এক আবেগপূর্ণ পোস্টে তিনি লেখেন, "আমি স্বপ্ন দেখেছিলাম আমরা আবারও বিশ্বকাপ জিতব। স্বপ্ন দেখেছিলাম ট্রফিটা আবার আর্জেন্টিনায় নিয়ে যাব এবং নতুন ইতিহাস গড়ব।"
তবে এরপরই তিনি এমন একটি মন্তব্য করেন, যা আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মার্টিনেজ লিখেছেন, "সত্যি বলতে, এই কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। অনেক কিছু নিয়ে ভাবতে হবে, সামনে কীভাবে এগোব তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। হয়তো এখন সময় এসেছে সরে দাঁড়ানোর।"
২০২১ সালে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে অভিষেকের পর থেকে এমিলিয়ানো মার্টিনেজ শুধু আর্জেন্টিনার প্রথম পছন্দের গোলরক্ষকই নন, বরং দলের অন্যতম নেতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। লিওনেল মেসিসহ সতীর্থদের কাছে তিনি ছিলেন দলের অনুপ্রেরণার বড় উৎস।
পোস্টের শেষ অংশে রানার্স-আপ পদক গ্রহণ এবং পরাজয়ের পর কান্নার কয়েকটি ছবি প্রকাশ করে সমর্থকদের কাছে ক্ষমাও চান তিনি। মার্টিনেজ লেখেন, "আমি সত্যিই দুঃখিত। আমার দেশ এবং আমার সতীর্থদের সাহায্য করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি।"
পুরো টুর্নামেন্টে মার্টিনেজের পারফরম্যান্স ছিল নজরকাড়া। ফাইনালে তিনি ১১টি সেভ করেন, যা ১৯৬৬ সালের পর কোনো বিশ্বকাপ ফাইনালে একজন গোলরক্ষকের সর্বোচ্চ সেভের রেকর্ড। এর মাধ্যমে তিনি ১৯৯৪ সালের বিশ্বকাপে ইতালির জিয়ানলুকা পাগলিউকা এবং ১৯৭৮ সালের আর্জেন্টিনার উবালদো ফিলোলের ৮ সেভের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন।
২০২৬ বিশ্বকাপে মোট ২০টি সেভ করে তিনি সর্বোচ্চ সেভের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন। তার চেয়ে একটি বেশি সেভ করেন কুরাসাওয়ের এলয় রুম (২১) এবং সর্বোচ্চ ২৮টি সেভ করেন প্যারাগুয়ের অরল্যান্ডো গিল।
অন্যদিকে, শুধু মার্টিনেজই নন, বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলের প্রধান কোচ লিওনেল স্কালোনিও নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন। সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত স্কালোনি বলেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন এবং এ বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে আলোচনা করবেন।
মার্টিনেজ ও স্কালোনির মন্তব্যে আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, বিশ্বকাপের এই হতাশাজনক পরাজয়ের পর তারা দুজনই জাতীয় দলের সঙ্গে পথচলা অব্যাহত রাখেন, নাকি নতুন সিদ্ধান্ত নেন।
মতামত