২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাজেট ঘাটতি মেটাতে সরকারের অভ্যন্তরীণ ঋণের সিংহভাগই এসেছে ব্যাংক খাত থেকে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ‘মান্থলি রিপোর্ট অন গভর্নমেন্ট ডোমেস্টিক বরোয়িং-এপ্রিল ২০২৬’ বিজ্ঞপ্তিতে প্রকাশ, ১০ মাসেই সরকারের ব্যাংক ঋণ নির্ধারিত লক্ষ্যমাত্রাকে অতিক্রম করেছে। অন্যদিকে সঞ্চয়পত্রসহ ব্যাংকবহির্ভূত অন্যান্য উৎস থেকে অর্থ সংগ্রহ একপ্রকার থমকে যাওয়ায় সরকার ঋণগ্রহণে ট্রেজারি বিল ও বন্ড নির্ভরতার পথ বেছে নিয়েছে।
প্রতিবেদনটির তথ্যমতে, জুলাই-এপ্রিল মেয়াদে সরকারের মোট নিট অভ্যন্তরীণ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৩৭৪ কোটি টাকা, যা পূর্ণাঙ্গ অর্থবছরের ১ লাখ ২৫ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার ৮৪.৩ শতাংশ। পূর্ববর্তী অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮১ হাজার ৮৪২ কোটি টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে সরকারের নিট অভ্যন্তরীণ ঋণ গ্রহণের পরিমাণ বেড়েছে প্রায় ২৩ হাজার ৫৩২ কোটি টাকা।
পর্যালোচনায় উঠে এসেছে, আলোচ্য অর্থবছরে ব্যাংক খাত থেকে ১ লাখ ৪ হাজার কোটি টাকা এবং ব্যাংকবহির্ভূত উৎস থেকে ২১ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার। তবে প্রথম ১০ মাসেই ব্যাংক খাত থেকে নেওয়া নিট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৬০৬ কোটি টাকা। যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের (৫০,৭৮৭ কোটি টাকা) চেয়ে প্রায় ৫৪ হাজার কোটি টাকা বেশি। বিপরীতে একই সময়ে ব্যাংকবহির্ভূত উৎস থেকে সরকারের নিট ঋণ হয়েছে মাত্র ৭৬৮ কোটি টাকা, যা আগের বছর ছিল ৩১,০৫৫ কোটি টাকা।
ব্যাংকবহির্ভূত খাত থেকে ঋণ কমার পেছনে মূলত জাতীয় সঞ্চয়পত্রের বিক্রি কমে যাওয়াকে দায়ী করা হয়েছে। ১০ মাসে সঞ্চয়পত্র খাত থেকে সরকারের নিট আয় ঋণাত্মক (মাইনাস ৪২৯ কোটি টাকা) পর্যায়ে নেমে এসেছে। ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে মূল অর্থ সংগৃহীত হলেও একই সময়ে শরীয়াহভিত্তিক অর্থায়ন ব্যবস্থা বিজিআইআইবি ও সুকুকের স্থিতি যথাক্রমে ৬,৬১১ কোটি টাকা এবং ৩৬,৫০০ কোটি টাকায় উন্নীত হয়েছে।
অর্থনীতিবিদদের একাংশের মতে, অর্থনৈতিক বাস্তবতার বিচারে ঋণ গ্রহণ অস্বাভাবিক নয়, তবে সঞ্চয়পত্রের স্থবিরতা এবং সার্বিক ঋণপ্রবণতা রাজস্ব ব্যবস্থাপনার নীতিগত সংস্কারকে আবশ্যক করে তুলছে। রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি অনাবশ্যক ব্যয় সংকোচন সম্ভব হলে দীর্ঘমেয়াদি ঋণের বোঝা এড়ানো সহজ হবে বলে বিশ্লেষকরা মত প্রকাশ করেছেন।
মতামত