কিশোরগঞ্জে সরকারি সেবা আরও জনবান্ধব করতে এবং অভিযোগ-প্রতিকার ব্যবস্থাকে সহজ ও কার্যকর করার লক্ষ্যে আজ (বুধবার) অনলাইন গণশুনানির আয়োজন করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী নিয়মিত গণশুনানি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তবে সেবাপ্রার্থীদের যাতায়াতের সময়, ব্যয় ও ভোগান্তি কমাতে এবার অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বুধবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ গণশুনানি অনুষ্ঠিত হবে। জেলার বিভিন্ন উপজেলার নাগরিকরা নিজ নিজ উপজেলা ডিজিটাল সেন্টার অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে জেলা প্রশাসকের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে তাদের অভিযোগ, সমস্যা, সেবাসংক্রান্ত জটিলতা ও বিভিন্ন পরামর্শ তুলে ধরতে পারবেন।
গণশুনানিতে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ডিজিটাল সেন্টারে নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। এছাড়া কোনো লিখিত অভিযোগ বা আবেদন থাকলে তা আগেই সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক সোহানা নাসরিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জেলার সর্বস্তরের জনগণকে অনলাইন গণশুনানিতে অংশ নিয়ে নিজেদের সমস্যা, অভিযোগ ও মতামত তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসনের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে জনগণ ও প্রশাসনের মধ্যে সরাসরি যোগাযোগ আরও জোরদার হবে। একই সঙ্গে নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং সরকারি সেবা আরও স্বচ্ছ, সহজ ও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।
মতামত