দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া রেঞ্জের আওতাধীন হরিরামপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া মৌজায় বন বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে জমির মালিকানা নিয়ে বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, যেখানে বন বিভাগ চারা রোপণ করেছে, সেই জমি সরকারি খাস বা বন বিভাগের নয়; বরং জমির বৈধ রেকর্ড তাদের নামে রয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন এবং আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তাদের অভিযোগ, সেই আদেশ উপেক্ষা করেই বন বিভাগ সেখানে বৃক্ষরোপণ করেছে।
অন্যদিকে বন বিভাগের দাবি, সংশ্লিষ্ট জমি বন বিভাগের আওতাভুক্ত সরকারি ভূমি। এর আগে সেখানে বনায়ন করা হলেও অবৈধ দখলদাররা গাছ কেটে ফেলে এবং পরে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে দখলের চেষ্টা চালায়।
মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আল আমিন হক বলেন, "পাঁচপুকুরিয়ার বন বিভাগের জায়গা অবৈধভাবে বিক্রি করে সেখানে ঘর নির্মাণ করা হয়েছিল। পরে সেগুলো উচ্ছেদ করা হয়। এরপর রাতের আঁধারে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে দখলের চেষ্টা করা হয়। ৫ আগস্টের আগেও ওই এক একর জায়গায় বনায়ন ছিল। ধাপে ধাপে গাছ কেটে ফেলা হয়েছে। বন বিভাগের জমি অবৈধ দখল হতে দেওয়া হবে না। তাই তাৎক্ষণিকভাবে সেখানে নতুন করে চারা রোপণ করা হয়েছে।"
তিনি আরও বলেন, "এ বিষয়ে বগুড়ার আব্দুল হাই চৌধুরী আদালতে মামলা করেছেন। ঘটনাস্থলে যারা ছিলেন, তারা ওই মামলার পক্ষ নন। তারা ভাড়াটে লাঠিয়াল হিসেবে কাজ করছেন বলে আমাদের ধারণা।"
তবে অভিযুক্ত ব্যক্তিরা বন বিভাগের এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, জমির বৈধ রেকর্ড তাদের নামে রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। আদালতের স্থিতাবস্থা আদেশ থাকা সত্ত্বেও বন বিভাগ তা লঙ্ঘন করে জোরপূর্বক বৃক্ষরোপণ করেছে বলে অভিযোগ করেন তারা।
স্থানীয় সচেতন মহলের মতে, বিরোধপূর্ণ জমির প্রকৃত মালিকানা নির্ধারণে ভূমি রেকর্ড, মৌজা মানচিত্র, সরকারি গেজেট, বন বিভাগের নথিপত্র এবং আদালতের আদেশ যাচাই করে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
পরিবেশ সংরক্ষণে বনায়ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উদ্যোগ হলেও ব্যক্তির বৈধ সম্পত্তির অধিকারও আইনের মাধ্যমে সুরক্ষিত। তাই সংঘাত নয়, আইনগত প্রক্রিয়া ও প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিরোধের স্থায়ী সমাধান হওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত