ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে উপজেলা ছাত্রদলের উদ্যোগে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে আটঘর ইউনিয়নের নকুলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এতে পুরো অনুষ্ঠানজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সালথা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর হাসিব লিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ রাকিব, আরিয়ান হাসান হৃদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিশাদ শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মুরাদ খান, অর্থ সম্পাদক সালমান মুন্সি, ইয়াসিন কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হাসিবুল হাসান হৃদয় এবং সালথা কলেজ ছাত্রদলের সভাপতি সবুজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্রদলের গঠনতন্ত্র ও সাংগঠনিক নিয়মনীতি অনুসরণ করে ত্যাগী, মেধাবী, সৎ ও দক্ষ নেতাকর্মীদের নেতৃত্বে আনার লক্ষ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করা হবে। দলীয় শৃঙ্খলা, জবাবদিহিতা ও সাংগঠনিক কাঠামোকে গুরুত্ব দিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর ইউনিয়ন ছাত্রদল গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
বক্তারা আরও বলেন, মাদক বর্তমানে দেশের যুবসমাজের জন্য অন্যতম বড় হুমকি। একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ছাত্রদলের নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে শিক্ষা, সামাজিক দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কাজে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
পরে আটঘর ইউনিয়ন ছাত্রদলের নতুন নেতৃত্বে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এ সময় মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন নেতৃত্ব নির্বাচনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।
মতামত