রাজনীতি যদি হয় মানুষের জন্য, তবে সেই রাজনীতির সবচেয়ে বড় পরিচয় মানুষের পাশে থাকা। আর সেই বিশ্বাস থেকেই দীর্ঘদিন ধরে শেরপুরের মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা এবং জনস্বার্থের নানা বিষয় নিয়ে কাজ করে আসছেন শেরপুর উপজেলা বিএনপির জননন্দিত, জনপ্রিয় সাধারণ সম্পাদক ও শেরপুর কলেজের সাবেক তুখোড় ভিপি মো. রফিকুল ইসলাম মিন্টু।
আসন্ন শেরপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা, ঠিক তখনই উন্নয়ন, জনকল্যাণ এবং নাগরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে জনবান্ধব মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে তার নাম। দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের একাংশের মতে, দীর্ঘ রাজনৈতিক পথচলায় সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ এবং মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি তাকে একজন নির্ভরযোগ্য মুখে পরিণত করেছে।
এদিকে রফিকুল ইসলাম মিন্টু বলেন, "পৌরসভার প্রতিটি রাস্তা, প্রতিটি মহল্লা, প্রতিটি পরিবার আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আমি এমন একটি শেরপুর দেখতে চাই, যেখানে নাগরিকরা হয়রানিমুক্ত সেবা পাবেন, তরুণরা স্বপ্ন দেখবে, প্রবীণরা সম্মান পাবেন এবং প্রতিটি মানুষের মুখে থাকবে তৃপ্তির হাসি। মানুষের দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।"
তিনি বলেন, "কোনো মা যেন সন্তানের জন্য পৌরসেবার অভাবে কষ্ট না পান, কোনো বৃদ্ধের যেন একটি সনদের জন্য দিনের পর দিন ঘুরতে না হয়, কোনো তরুণ যেন নিজের শহরকে অবহেলিত মনে না করে - এটাই আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি, মানুষের মুখের একটি হাসি হাজারো রাজনৈতিক সাফল্যের চেয়েও মূল্যবান। আমি প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের বিশ্বাসের মর্যাদা রাখতে চাই।"
মিন্টু আরও বলেন, "শেরপুরের প্রতিটি মানুষই আমার পরিবার। তাদের সুখে আমি আনন্দ খুঁজে পাই, তাদের কষ্ট আমাকে ব্যথিত করে। তাই আমি চাই - আমার জীবনের সবচেয়ে বড় পরিচয় হোক, আমি মানুষের পাশে ছিলাম।"
ভোটারদের একাংশের সঙ্গে কথা বলে জানা যায়, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে রফিকুল ইসলাম মিন্টুর সক্রিয় উপস্থিতি তাদের নজর কেড়েছে। তাদের মতে, মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা রফিকুল ইসলাম মিন্টুকে তৃণমূলের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন শেরপুর পৌরসভা নির্বাচনে উন্নয়ন, স্বচ্ছতা, নাগরিক সেবা ও জবাবদিহিতার বিষয়গুলো গুরুত্বপূর্ণ আলোচ্য হতে পারে। এসব বিষয়ে সম্ভাব্য প্রার্থীদের পরিকল্পনা ও কার্যক্রম ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
যার ধারাবাহিকতায়, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রত্যাশা। আর উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয় নিয়ে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে জনগণের হৃদয়ে যার নাম বারবার প্রতিধ্বনিত হচ্ছে তিনি জনাব রফিকুল ইসলাম মিন্টু। তবে শেষ পর্যন্ত পৌরবাসী কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী দিনের শেরপুরের নেতৃত্ব।
মতামত