ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দুই খাল পুনঃখনন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে ও নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করার পর সাশ্রয় হওয়া ১২ লাখ ৫৫ হাজার ৬৭৪ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি অর্থের সাশ্রয় ও স্বচ্ছ ব্যবস্থাপনার এ উদ্যোগ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাজিপুর ইউনিয়নের জলই নদীর ১০ দশমিক ৯০ কিলোমিটার এবং পীরগঞ্জ ইউনিয়নের চাপোর খালের ২ দশমিক ৭৫ কিলোমিটার পুনঃখননের জন্য সরকার প্রায় ২ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ দেয়। প্রকল্পের আওতায় খননকাজের পাশাপাশি খালের দুই তীরে প্রায় ৮ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এর ফলে পানি নিষ্কাশন, কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং সেচ সুবিধা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
শ্রমিকের মজুরি, যন্ত্রপাতি, পরিবহনসহ প্রকল্পের সব ব্যয় নির্বাহের পর ১২ লাখ ৫৫ হাজার ৬৭৪ টাকা সাশ্রয় হয়। সরকারি আর্থিক বিধিমালা অনুসরণ করে ওই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
প্রকল্পটির শুরু থেকে শেষ পর্যন্ত নিবিড় তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। উপজেলা প্রশাসনের দাবি, পরিকল্পিত ব্যবস্থাপনা, ব্যয় নিয়ন্ত্রণ এবং কঠোর তদারকির মাধ্যমে কাজের গুণগত মান অক্ষুণ্ন রেখেই এ অর্থ সাশ্রয় সম্ভব হয়েছে।
হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, "সরকারি প্রকল্পের কাজ শেষে সাশ্রয় হওয়া অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার ঘটনা সচরাচর দেখা যায় না। সঠিক তদারকি থাকলে সরকারি অর্থের অপচয় রোধ করা সম্ভব।"
পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেসুর রহমান বলেন, "সরকারি অর্থ জনগণের সম্পদ। কাজের মান বজায় রেখে সাশ্রয় হওয়া অর্থ কোষাগারে ফেরত দেওয়ার এ উদ্যোগ অন্য উপজেলাগুলোর জন্যও অনুসরণীয় হতে পারে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার বলেন, "সরকারি অর্থ জনগণের আমানত। প্রকল্পের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। কাজ শেষে সাশ্রয় হওয়া অর্থ বিধি অনুযায়ী সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।"
মতামত