জাঁকজমকপূর্ণ পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক দিন প্রতিদিন’-এর ১২তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। তিনি পত্রিকার ১২তম বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশনা কর্তৃপক্ষ, সংবাদকর্মী, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্র গঠনে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এ সময় তিনি দৈনিক দিন প্রতিদিন-এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান সম্পাদক এম. জি. কিবরিয়া, ব্যবস্থাপনা সম্পাদক সালেহ আহমেদ এবং বার্তা সম্পাদক আফিফা নওশীন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সংবাদকর্মী, নাট্যকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন। পরে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিদের হাতে সম্মাননা ও পুরষ্কারের ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও প্রীতি মিলনের মধ্য দিয়ে বর্ষপূর্তির আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে।
মতামত