জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে বহিরাগত কাউকে নিয়োগ না দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে জবি শিক্ষক সমিতি। একই সঙ্গে এ দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে ‘টিম জগন্নাথ’ গড়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দাবি উপেক্ষা করে বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে কর্মবিরতি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার মতো কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির নেতাদের পাশাপাশি কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী প্রতিনিধিরা এ দাবির প্রতি সংহতি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, নিজেদের বিশ্ববিদ্যালয় থেকেই যদি একজন ট্রেজারার তৈরি করা না যায়, তবে সেটি প্রতিষ্ঠানের ব্যর্থতা। তাঁর ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকরা ক্যাম্পাসের পরিবেশ, প্রশাসনিক বাস্তবতা ও সমস্যাগুলো বাইরের কারও তুলনায় ভালোভাবে বোঝেন। তাই বারবার বহিরাগতদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ দেওয়াকে তিনি বৈষম্যমূলক বলে মন্তব্য করেন।
তিনি বলেন, জবির শিক্ষকরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। সে ক্ষেত্রে নিজ বিশ্ববিদ্যালয়ে কেন বাইরের কাউকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হবে, সেই প্রশ্নও তোলেন তিনি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ২৪৫ জন অধ্যাপকসহ মোট ৭৩২ জন শিক্ষক রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদসহ যেকোনো অনুষদ থেকেই যোগ্য ব্যক্তিকে এ পদে নিয়োগ দেওয়া সম্ভব।
জকসুর এজিএস মাসুদ রানা বলেন, জবি থেকেই ট্রেজারার নিয়োগ না দেওয়া হলে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হবে। একই সঙ্গে তিনি নতুন শিক্ষক নিয়োগে অন্তত ৮০ শতাংশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থীদের মধ্য থেকে নেওয়ার দাবি জানান।
তবে এ বিষয়ে ভিন্ন মত দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক। তিনি বলেন, নির্দিষ্ট কোনো হার নির্ধারণের পরিবর্তে মেধার ভিত্তিতে জবির শিক্ষার্থীদের শিক্ষক হওয়ার সুযোগ আরও বেশি হওয়া উচিত।
কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল হালিম বলেন, বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।
ছাত্রশক্তির মূখ্য সংগঠক ফেরদাউস শেখ অতীতের শিক্ষক নিয়োগপ্রক্রিয়ার সমালোচনা করে বলেন, রাজনৈতিক বিবেচনায় নিয়োগের অভিযোগ আর দেখতে চান না তারা।
শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া বলেন, শিক্ষক সমিতি শুধু শিক্ষকদের সংগঠন নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক হিসেবেও দায়িত্ব পালন করে।
সংবাদ সম্মেলনের শেষে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘টিম জগন্নাথ’ বিশ্ববিদ্যালয়ের স্বার্থসংশ্লিষ্ট যৌক্তিক দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।
মতামত