বরগুনার তালতলী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, তালতলী, বরগুনার সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার ০৬ টি পরিবারের মাঝে ১ বান করে ঢেউটিন এবং পরিবারপ্রতি নগদ ৩০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এই সহায়তা তুলে দেন বরগুনা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। তালতলী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এ সময় জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, "মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সরকার দুর্যোগ কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাদের ঘরবাড়ি মেরামত ও পুনঃনির্মাণে কিছুটা হলেও সহায়তা করবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো মানুষই যাতে গৃহহীন না থাকে, সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"
বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হওয়া অসহায় পরিবারগুলো এই সহায়তা পেয়ে জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
মতামত