বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর ইউনিয়ন শাখার উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আব্দুল গফুর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমীর ও আগামী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবু নাছের।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু নাছের বলেন, "জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। ছাত্র অধিকার আন্দোলন থেকে গণআন্দোলনে রূপ নিয়ে এটি দীর্ঘ প্রায় দেড় যুগের স্বৈরাচারী শাসনের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জুলাইয়ের শহীদ ও আহতরা জাতীয় বীর। তাদের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে।"
তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য জুলাই আন্দোলনের শিক্ষা ধারণ করে জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখতে হবে।
নাইক্ষ্যংছড়ি সদর জামায়াতের অফিস সম্পাদক মাওলানা মুহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ছৈয়দ কাসেম, শ্রম বিভাগের সদর ইউনিয়ন সভাপতি ডা. মাহবুবুল আলমসহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও বিভাগের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত, আহত ও অসুস্থদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মতামত