বান্দরবানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) শুরু হওয়া এ শিক্ষা শিবিরে জেলা আমীর মাওলানা এস এম আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল আউয়ালের সঞ্চালনায় বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এ টি এম মাসুম বলেন, বর্তমান প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর রুকন ও দায়িত্বশীলদের নৈতিক চরিত্র, জ্ঞানচর্চা এবং আদর্শিক উৎকর্ষে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে শৃঙ্খলা, অনুগত্য ও পবিত্র পরিবেশ বজায় রেখে আখিরাতমুখী জীবন গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, নবী-রাসূল (আ.) ও সাহাবায়ে কেরাম (রা.) কঠিন পরীক্ষার মধ্য দিয়ে দৃঢ় ঈমানের পরিচয় দিয়েছেন। বর্তমান সময়েও ইসলামী আন্দোলনের কর্মীদের নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হবে। এসব পরীক্ষায় ধৈর্য, ঈমান ও দায়িত্বশীলতার সঙ্গে উত্তীর্ণ হওয়ার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজাহান, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন, কক্সবাজার জেলা আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন এবং ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ড. নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবুল কালাম, জেলা সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা তাজ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফারুক আহমদ, জেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সদস্য (রুকন) ও দায়িত্বশীল নেতৃবৃন্দ।
দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে ইসলামী আন্দোলনের আদর্শ, সাংগঠনিক দায়িত্ব, নৈতিকতা, নেতৃত্ব বিকাশ এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
মতামত