বাংলাদেশের যে প্রান্তে নাসিরুদ্দিন পাটওয়ারী বেয়াদবকে দেখা যাবে, সেখানেই তার চামড়া তুলে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হবিবুর রশিদ সন্ধান সরকার।
সন্ধান বলেন, "সেই বেয়াদবের বাচ্চা মঞ্চে উঠেই বাংলাদেশকে বিভ্রান্ত করতে আবোল-তাবোল কথা বলছে। তাই আমি মনে করি, দেশের সকল ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে নাসিরুদ্দিন পাটওয়ারীকে বাংলাদেশ থেকে বয়কট করবে।"
শনিবার (১ আগস্ট) দুপুরে মহানগরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানেই বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি হবিবুর রশিদ সন্ধান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর এবং মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সমাবেশে অশালীন মন্তব্য করেছেন - এমন অভিযোগ এনে তাদের বিরুদ্ধে বগুড়া মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা ছাত্রদল।
এ সময় প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সমাবেশ থেকে বগুড়ায় নাসিরুদ্দিন পাটওয়ারীকে বয়কটের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা।
মিছিল-পরবর্তী সড়ক সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিন তানভীর যে অশালীন স্ট্যাটাস দিয়েছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল।"
পুলিশ প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, "আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা না হলে বগুড়া জেলা ছাত্রদল আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।"
নেতৃবৃন্দ আরও বলেন, "আমরা ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে থেকে লড়াই-সংগ্রাম করেছি। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু গাজী সালাউদ্দিন তানভীর ও নাসিরুদ্দিন পাটওয়ারীর মতো কথিত জুলাই যোদ্ধাদের আমরা রাজপথে দেখিনি।"
তারা আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে তানভীরের ফেসবুক পোস্ট এবং নাসিরুদ্দিন পাটওয়ারীর কটূক্তির জবাবে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তাদের বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বগুড়া জেলা ছাত্রদল।"
মতামত