জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের তাড়াইলে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাড়াইল বাজারের এশিয়া ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের স্মরণ, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
পরে এশিয়া ব্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং আন্দোলনে নিহতদের স্মরণ করেন। একই সঙ্গে আহতদের সুস্থতা কামনা করে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আইন বিষয়ক সম্পাদক মুসলেহ উদ্দীন সুমন, তাড়াইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান ও সেক্রেটারি এমকে মাসুদসহ দলীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের দুঃশাসন, বৈষম্য ও নানা অনিয়মের বিরুদ্ধে জনগণের গণজাগরণ। ওই আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ ভোটাধিকার, ন্যায়বিচার, সুশাসন ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছে।
তারা আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন। জনগণের দেওয়া গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করে জনগণের প্রত্যাশাকে সম্মান জানাতে হবে।
মতামত