উৎসবমুখর পরিবেশ, দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি এবং তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বগুড়ায় ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে বগুড়ার বেজোড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক। দুই দলের মনোমুগ্ধকর নৈপুণ্যে পুরো ম্যাচজুড়ে ছিল টানটান উত্তেজনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া শহর যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক প্রভাষক মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সামিউল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব হোসেন সোহাগ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ, শৃঙ্খলাবোধসম্পন্ন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া আয়োজনের কোনো বিকল্প নেই।
রোমাঞ্চকর এই ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, উদ্বোধক ও বিশেষ অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ। এ সময় তাদের অভিনন্দন জানিয়ে খেলোয়াড়দের ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
মতামত