বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে রাজপথে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে সালথা উপজেলা ছাত্রদলের উদ্যোগে গট্টি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২ আগস্ট) বিকেলে গট্টি ইউনিয়নের জয়ঝাপ হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গট্টি ইউনিয়ন ছাত্রদলের তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। নতুন নেতৃত্বকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল থেকে যোগ্য, ত্যাগী ও সক্রিয় নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে গট্টি ইউনিয়ন ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর, দপ্তর সম্পাদক মুরাদ হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সালথা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শামসুল হক সবুজ এবং ঠেনঠেনিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি মো. তাশরিফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
সভায় বক্তারা আরও বলেন, তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিত করে যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা হবে। ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
মনোনয়ন ফরম বিতরণকে কেন্দ্র করে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাসে গট্টি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা তৈরি হয়েছে।
মতামত