দীর্ঘদিনের দাবি এবার বাস্তবায়নের পথে এগোচ্ছে। ফরিদপুরের সালথা উপজেলায় একটি আধুনিক পাটকল (জুট মিল) স্থাপনের উদ্যোগ নিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
গত ২৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠি সূত্রে জানা যায়, ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গত ২০ জুলাই সালথায় একটি আধুনিক পাটকল স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আধা-সরকারি (ডিও) পত্র পাঠান। ওই পত্রের পরিপ্রেক্ষিতেই বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অগ্রগতি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক অগ্রগতি। এখন সংশ্লিষ্ট দপ্তরগুলো নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেবে। সালথায় পাটভিত্তিক শিল্প গড়ে উঠলে কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরাসরি উপকৃত হবেন।
সালথা দেশের অন্যতম পাট উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত। ফরিদপুর জেলায় প্রতিবছর ২ লাখ টনেরও বেশি পাট উৎপাদিত হয়, যার উল্লেখযোগ্য একটি অংশ আসে সালথা উপজেলা থেকে।
কিন্তু বিপুল পরিমাণ পাট উৎপাদন হলেও উপজেলায় এখনো কোনো আধুনিক পাটকল গড়ে ওঠেনি। ফলে কৃষকদের উৎপাদিত পাট বিক্রির জন্য অনেক সময় অন্য জেলার মোকাম ও বাজারে নিয়ে যেতে হয়। এতে একদিকে পরিবহন খরচ বাড়ে, অন্যদিকে বাজার ব্যবস্থাপনার নানা সীমাবদ্ধতায় কৃষকরা অনেক সময় কাঙ্ক্ষিত দাম থেকেও বঞ্চিত হন।
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের মতে, সালথায় আধুনিক পাটকল স্থাপিত হলে পাট নিয়ে কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে। উৎপাদনস্থলের কাছাকাছি পাট বিক্রির সুযোগ তৈরি হওয়ায় পরিবহন ব্যয় কমবে এবং কৃষকরা সরাসরি পাটকলের সঙ্গে বাণিজ্যিকভাবে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
একই সঙ্গে কমতে পারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। পাটকলকে কেন্দ্র করে হাজারো মানুষের কর্মসংস্থান, গুদামজাতকরণ, পরিবহন, ক্ষুদ্র শিল্প এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটতে পারে। ফলে শুধু কৃষিপণ্য হিসেবে পাট নয়, পুরো অঞ্চলেই গড়ে উঠতে পারে একটি শক্তিশালী পাটভিত্তিক অর্থনৈতিক বলয়।
সালথায় একটি আধুনিক পাটকল স্থাপনের দাবি দীর্ঘদিনের। স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল—উৎপাদন এলাকায় পাটকল গড়ে উঠলে কৃষকরা তাদের উৎপাদিত পাটের ন্যায্যমূল্য পাবেন এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে।
দাবিটি এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে আসায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন সালথার মানুষ। তাদের প্রত্যাশা, বস্ত্র ও পাট মন্ত্রণালয় দ্রুত সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় পরিকল্পনা ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে আধুনিক পাটকল স্থাপনের কার্যকর উদ্যোগ নেবে।
স্থানীয়দের বিশ্বাস, সালথায় আধুনিক পাটকল বাস্তবায়িত হলে এর সুফল শুধু পাটচাষিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং সালথা, ফরিদপুরসহ আশপাশের এলাকার কৃষিভিত্তিক অর্থনীতি, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে সৃষ্টি হবে নতুন গতি।
মতামত