টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকায় হাউসবোট চলাচল বন্ধ, জেলা প্রশাসনের ১১ নির্দেশনা
টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য, প্রতিবেশগত ভারসাম্য এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)-এর অভ্যন্তরে সব ধরনের হাউসবোট ও পর্যটকবাহী নৌযানের প্রবেশ ও চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
রোববার জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে হাউসবোট মালিক, নৌযান পরিচালনাকারী এবং ট্যুর অপারেটরদের জন্য ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি হাউসবোটে পর্যটকদের জন্য আচরণবিধি দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে এবং ভ্রমণ শুরুর আগে তা জানাতে হবে। উচ্চস্বরে গান, মাইক ব্যবহার কিংবা কোনো ধরনের পার্টির আয়োজন করা যাবে না। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন নিষিদ্ধ করা হয়েছে এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে।
এছাড়া হাউসবোটের সর্বোচ্চ দৈর্ঘ্য ১০০ ফুট নির্ধারণ করা হয়েছে। প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফবয়, অগ্নিনির্বাপক যন্ত্র ও নিরাপদ গ্যাস সিলিন্ডার ব্যবস্থাসহ জরুরি যোগাযোগ নম্বর দৃশ্যমান স্থানে রাখতে হবে।
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য সেপ্টিক ট্যাংক স্থাপন, অন্তত দুটি ডাস্টবিন রাখা এবং কোনো ধরনের বর্জ্য হাওর বা জলাশয়ে না ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন সম্পূর্ণ বন্ধ রাখতে হবে এবং প্রতিটি ট্যুরে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১০ আগস্ট ২০২৬-এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ে হাউসবোট, নৌযান ও ট্যুর অপারেটরদের নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে পর্যটন কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে না এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত