টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড (বাহাদীপুর-বেতুয়া) এলাকার কাউন্সিলর প্রার্থী মোঃ তৌহিদুল ইসলাম রহিমের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রার্থী মোঃ তৌহিদুল ইসলাম রহিম, মৃত আলহাজ আব্দুল গনি তালুকদারের ছেলে। তিনি ২০১১ সালে প্রথমবারের মতো কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। এবারের আসন্ন ভূঞাপুর পৌরসভা নির্বাচনেও তিনি কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন।
অভিযোগ অনুযায়ী, বুধবার বিকেলে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কয়েকটি বড় ব্যানার ও বিলবোর্ড স্থাপন করেন। তবে রাতের আঁধারে দুর্বৃত্তরা সেগুলো ছিঁড়ে ফেলে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাকে অবহিত করেন।
এ বিষয়ে কাউন্সিলর প্রার্থী তৌহিদুল ইসলাম রহিম বলেন, "আমি শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। কিন্তু কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলেছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।"
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় নির্দিষ্ট অভিযুক্ত কোনো ব্যক্তি বা পক্ষের পরিচয় সনাক্ত সম্ভব হয়নি।
মতামত