টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে মহিলা সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড (ভূঞাপুর-বামনহাটা-তেঘুরি) আসনের কাউন্সিলর প্রার্থী ও পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক খালেদা আক্তার লিলির নির্বাচনী ব্যানার ছেঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ব্যানারগুলোতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুসহ প্রার্থীর ছবি ছিল।
খালেদা আক্তার লিলি জানান, তিনি বুধবার বিকেলে নির্বাচনী এলাকায় কয়েকটি বড় ব্যানার ও বিলবোর্ড স্থাপন করেন। তবে রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা সেগুলো ছিঁড়ে ফেলে। তিনি এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা উল্লেখ করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি আরও বলেন, ২০২০ সালের পৌর নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সে সময় তিনি জয়ী হওয়ার মতো অবস্থানে থাকলেও সূক্ষ্ম কারচুপির মাধ্যমে মাত্র ৮ ভোটের ব্যবধানে পরাজিত হন বলে তার অভিযোগ। এবারও তিনি একই আসনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খালেদা আক্তার লিলি ভূঞাপুর পৌর শ্রমিক দলের সভাপতি ফরহাদ সরকারের সহধর্মিণী।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানিয়েছেন।
মতামত