বান্দরবানের আলীকদম উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিট থেকে ১১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলমের সভাপতিত্বে সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিটুন রায়, আলীকদম থানার পুলিশ পরিদর্শক আমজাদ হোসেন, আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হামিদ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রিটন মিয়াসহ উপজেলা হাসপাতালের চিকিৎসক, বিজিবি, ফায়ার সার্ভিস, আনসার, বন বিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিও কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে মাদক নির্মূল ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার, সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ, বিভিন্ন এলাকায় ছিনতাই ও চুরি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জায়গা-জমি সংক্রান্ত বিরোধ দ্রুত ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া দুর্গম এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ নিয়েও আলোচনা হয়। পাহাড় কাটা, বন উজাড়, নদী-খাল দূষণসহ পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় আলোচিত বিষয়গুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
মতামত