জরুরি প্রয়োজনে মোবাইল রিচার্জসহ গ্যাস ও বিদ্যুতের মতো ইউটিলিটি বিল পরিশোধে গ্রাহকদের তাৎক্ষণিক সুবিধা দিতে এক নতুন ডিজিটাল ঋণব্যবস্থার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এ সেবার আওতায় মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনা সুদে ঋণ গ্রহণ করা যাবে। দেশে ক্যাশলেস অর্থনীতির প্রসার এবং ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়াতে এ সংক্রান্ত একটি খসড়া নীতিমালা ইতোমধ্যে সর্বসাধারণ ও অংশীজনের মতামতের জন্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
খসড়া প্রবিধান অনুযায়ী, গৃহীত এই ক্ষুদ্রঋণ পরিশোধের জন্য গ্রাহক সর্বোচ্চ ৩০ দিন সময় পাবেন। সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় কাগজের নথিপত্র এবং শারীরিক স্বাক্ষর ছাড়াই বায়োমেট্রিক পরিচয় যাচাই ও ইলেকট্রনিক সম্মতির মাধ্যমে তাৎক্ষণিকভাবে এই ঋণ অনুমোদন করা হবে। তবে নির্দিষ্ট সময়ের আগে কোনো গ্রাহক ঋণ পরিশোধ করলে তার ওপর আগাম সমন্বয় সংক্রান্ত (আর্লি সেটেলমেন্ট) অতিরিক্ত কোনো চার্জ বা জরিমানা আরোপ করা যাবে না।
নীতিমালায় স্পষ্ট করা হয়েছে যে, এই ঋণের ওপর মূল কোনো সুদ আরোপ করা যাবে না; তবে পরিচালন ব্যয় হিসেবে ঋণের পরিমাণের ওপর নির্ধারিত নির্দিষ্ট সার্ভিস ফি আদায় করতে পারবে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। অনুমোদিত ফি কাঠামো অনুযায়ী, ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ৫ টাকা এবং ২৫১ থেকে ৫০০ টাকা ঋণের জন্য ১০ টাকা ফি ধার্য করা হয়েছে। একইভাবে ৫০১ থেকে ১,০০০ টাকা পর্যন্ত ১৫ টাকা, ১,০০১ থেকে ২,০০০ টাকা পর্যন্ত ২৫ টাকা, ২,০০১ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত ৩৫ টাকা এবং ৩,০০১ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ টাকা সার্ভিস ফি নেওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংক কঠোরভাবে পুনর্ব্যক্ত করেছে যে, নির্ধারিত সার্ভিস ফি ব্যতীত প্রসেসিং ফি, জরিমানা কিংবা অন্য কোনো নামে অতিরিক্ত অর্থ গ্রাহকের কাছ থেকে আদায় করা সম্পূর্ণ নিষিদ্ধ। অংশীজনদের প্রাপ্ত মতামত পর্যালোচনা ও প্রয়োজনীয় পরিমার্জন শেষে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করবে কেন্দ্রীয় ব্যাংক।
মতামত