বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে যেকোনো সময়। সংগঠনের বর্তমান কমিটির শীর্ষ নেতাদের বিদায় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন নেতৃত্ব নির্বাচনের কার্যক্রম গতি পেয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় শীর্ষ পাঁচ নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। এর মধ্য দিয়ে ‘রাকিব-নাছির’ নেতৃত্বাধীন কমিটির আনুষ্ঠানিক বিদায় সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ছাত্রদলের নেতারা জানান, বর্তমান কমিটির বিদায় উপলক্ষে এই সাক্ষাতের আয়োজন করা হয়। এর পর থেকেই নতুন কমিটি গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফলে যেকোনো সময় ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শীর্ষ পদে আলোচনায় যারা
সংশ্লিষ্টদের মতে, নতুন নেতৃত্ব নির্বাচনে বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজপথে সক্রিয় থাকা এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে—এমন নেতারাই নতুন কমিটিতে অগ্রাধিকার পেতে পারেন।
নতুন কমিটির শীর্ষ পদে সম্ভাব্য নেতাদের তালিকায় আলোচনায় রয়েছেন মো. আমানউল্লাহ আমান, গণেশ চন্দ্র রায় সাহস, মমিনুল ইসলাম জিসান, এজাজুল কবির রুয়েল, শরীফ প্রধান শুভ ও মাছুম বিল্লাহ।
এ ছাড়া শীর্ষ নেতৃত্বের আলোচনায় রয়েছেন মো. রিসালাত ইসলাম সজীব, মো. আবু হোরায়রা, মো. আসাদুজ্জামান রিংকু, নাহিদুজ্জামান শিপন, নাছির উদ্দীন শাওন ও মো. রাজু আহামেদ।
তবে নতুন কমিটিতে কারা স্থান পাচ্ছেন, তা নির্ভর করছে দলের নীতিনির্ধারকদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
মতামত