বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ। তিনি আর আমাদের মাঝে নেই। তবে তাঁর শৈশব ও কৈশোরের স্মৃতিবিজড়িত দিনাজপুরের মানুষের হৃদয়ে তিনি আজও অম্লান। দিনাজপুরের আলো-বাতাসে বেড়ে ওঠা সেই ‘পুতুল’ পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী নারী নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
ফেনীতে তাঁর পৈতৃক নিবাস হলেও দেশভাগের পর তাঁর বাবা ইস্কান্দার আলী মজুমদার সপরিবারে দিনাজপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ফলে দিনাজপুর হয়ে ওঠে খালেদা জিয়ার শৈশব ও কৈশোরের স্মৃতিময় শহর।
দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার ‘তৈয়বা ভিলা’—যা তাঁর মায়ের নামে নামাঙ্কিত—এবং ‘মাতৃছায়া’ বাড়িতে কেটেছে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ একটি সময়। স্থানীয় প্রবীণদের স্মৃতিতে তিনি আজও স্নেহের ‘পুতুল আপা’ হিসেবে পরিচিত।
মাত্র পাঁচ বছর বয়সে দিনাজপুর মিশন স্কুলে তাঁর শিক্ষাজীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন। এরপর তিনি দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন।
১৯৬০ সালে দিনাজপুরে অবস্থানকালেই তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিবাহ হয়। পরবর্তী সময়ে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং একপর্যায়ে দেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনীতির শীর্ষ পর্যায়ে পৌঁছানোর পরও দিনাজপুরের মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল আন্তরিক। দিনাজপুরে এলে তিনি পুরোনো প্রতিবেশী, পরিচিতজন ও সাধারণ মানুষের সঙ্গে দেখা করতেন, তাঁদের খোঁজখবর নিতেন। তাঁর সঙ্গে দিনাজপুরের মানুষের এই আত্মিক সম্পর্কের স্মৃতি আজও অনেকের মনে জীবন্ত।
বিশেষ করে ২০১২ সালের ২২ সেপ্টেম্বর দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে তাঁর ঐতিহাসিক জনসভা স্থানীয় মানুষের স্মৃতিতে এখনো উজ্জ্বল হয়ে আছে।
শৈশবের স্মৃতিবিজড়িত দিনাজপুরের মাটি ও মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন বেগম খালেদা জিয়া। তাঁর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন দিনাজপুরের মানুষ।
মহান আল্লাহ তাঁর রূহের মাগফিরাত কামনা এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল গভীর সমবেদনা। আমিন।
মতামত