দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। নতুন নির্ধারিত দামে আজ রোববার (১৬ আগস্ট) দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (১৫ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে।সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারিত হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারিত হয়েছে ।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণের অলঙ্কার কিনতে গেলে নির্ধারিত দামের সঙ্গে ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
এক দিনের ব্যবধানে বাড়ল দাম
এর আগে গত ১৪ আগস্ট স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তবে এক দিনের ব্যবধানেই আবারও দাম বাড়ানো হলো। ফলে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।
বছরে ১০৪ বার দাম সমন্বয়
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১০৪ বার সমন্বয় করা হয়েছে।
এর মধ্যে ৫২ দফা স্বর্ণের দাম বাড়ানো হয়েছে, ৫১ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
ফলে দেশের বাজারে স্বর্ণের দামে চলতি বছরজুড়েই বেশ কয়েক দফা ওঠানামা দেখা গেছে।
মতামত