দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের ভবিষ্যৎ, জাতীয় স্বার্থ এবং আগামী দিনের রাষ্ট্র পরিচালনা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা।
রোববার সকালে রাজধানীর ৩৫ হেয়ার রোডে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার নাসিমা খান, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, এনপিপির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মোস্তফা, জোটের মুখপাত্র এস এম শাহাদত হোসেন, এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ হারুন সোহেল এবং ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক বাবু খোকন চন্দ্র দাসসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন নেতারা।
বৈঠকে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়।
রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। জাতীয় স্বার্থে বিভাজনের পরিবর্তে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলা এবং গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করার ওপর জোর দেন নেতারা।
এ সময় দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়। ভবিষ্যতে জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক নেতৃত্বকে আরও দায়িত্বশীল ও জনমুখী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎ শেষে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি স্থিতিশীল, গণতান্ত্রিক, উন্নত ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বিএনপির মহাসচিবের এ মতবিনিময়কে ভবিষ্যৎ রাজনৈতিক সমন্বয় এবং বৃহত্তর জাতীয়তাবাদী রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মতামত