প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আপাতত বড় ধরনের কোনো রদবদলের আভাস নেই। তবে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও দুই নতুন মুখ। এরই মধ্যে তাদের নাম চূড়ান্ত হয়েছে বলে সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে।
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া দুই সংসদ সদস্য হলেন—বান্দরবান থেকে নির্বাচিত সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার অথবা নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণের আগে প্রজ্ঞাপন জারি হতে পারে।
সূত্র জানায়, নতুন দুই মন্ত্রিসভা সদস্য আগামী ২২ আগস্ট নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণের পর তাঁর কাছ থেকেই শপথ নিতে পারেন। রাষ্ট্রপতি নির্বাচনের পর নির্ধারিত সময়ের মধ্যে শপথ নেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় ২২ আগস্টের মধ্যেই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মতামত