বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে জোর আলোচনা চলছে। সম্ভাব্য নেতৃত্ব নিয়ে যাচাই-বাছাই ও বিভিন্ন পর্যায়ের আলোচনা এখন প্রায় শেষ পর্যায়ে বলে জানা গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, ইতোমধ্যে নতুন কমিটির কাঠামো প্রস্তুত করা হয়েছে। ফলে যেকোনো সময় ঘোষণা আসতে পারে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা। ওই সাক্ষাতের পরই নতুন কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও জোরালো হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সম্ভাব্য নেতাদের সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক ভূমিকা, যোগ্যতা, আন্দোলন-সংগ্রামে সক্রিয়তা এবং অতীত কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে একাধিক দফায় আলোচনা হয়েছে বলেও জানা গেছে।
সিনিয়র নেতাদের প্রাধান্য দিয়ে কমিটি গঠন করা হলে সভাপতি পদে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া এবং সাধারণ সম্পাদক পদে আমানুল্লাহ আমানের নাম এগিয়ে রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে অপেক্ষাকৃত জুনিয়রদের নিয়ে কমিটি করা হলে সভাপতি হিসেবে আমানুল্লাহ আমান এবং সাধারণ সম্পাদক পদে নাহিদুজ্জামান শিপনের নাম আলোচনায় রয়েছে।
এ ছাড়া সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছেন ইজাজুল কবির রুয়েল, ডা. তৌহিদুর রহমান আউয়াল, খোরশেদ আলম সোহেল, মমিনুল ইসলাম জিসান, কাজী জিয়াউদ্দিন বাসেত, গণেশ চন্দ্র রায় সাহস ও আবিদুল ইসলাম খান। উত্তরাঞ্চল থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনোয়ার পারভেজের নামও আলোচনায় রয়েছে।
তবে শেষ পর্যন্ত কারা ছাত্রদলের নতুন কেন্দ্রীয় নেতৃত্বে আসছেন, সেটি নির্ভর করছে বিএনপির শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। ফলে শেষ মুহূর্তে তালিকায় পরিবর্তন আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এদিকে বিদায়ী সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছেন ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
তাদের পোস্টে দীর্ঘ ছাত্ররাজনীতির পথচলা, সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা এবং বিদায়ের আবহ ফুটে উঠেছে। তাদের এমন বার্তার পর নতুন নেতৃত্বের সম্ভাব্য ঘোষণা নিয়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে জল্পনা-কল্পনা আরও বেড়েছে।
এখন সবার নজর বিএনপির শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। কে আসছেন ছাত্রদলের নতুন কেন্দ্রীয় নেতৃত্বে—তা জানতে অপেক্ষা করছেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতামত