বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার উপসচিব মো. চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭-এর ১৬ক-এর (৪) উপধারা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪-এর ৪ (২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত সাবেক সংসদ সদস্য মাম্যাচিংকে চেয়ারম্যান করা হয়েছে। বিভিন্ন জাতিগোষ্ঠী ও শ্রেণি-পেশার প্রতিনিধিসহ মোট ১৫ সদস্য নিয়ে নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে।
নতুন পরিষদের সদস্যরা হলেন—চনুমং, মং কানু মারমা, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই মো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উইচাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউ প্রু খিয়াং, উম্যাসিং মার্মা, সামাখাল পাড়া ও কাজী নিরুতাজ বেগম।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইন অনুযায়ী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য এ অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন পরিষদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মাম্যাচিং দীর্ঘদিন ধরে বান্দরবানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বান্দরবান জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন। ১৯৯৮ থেকে ২০০৭ সাল এবং ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি জেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
মাম্যাচিং ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় উচ্চশিক্ষা অর্জন করেন। মারমা নারীদের মধ্যে তিনি প্রথম স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হিসেবে পরিচিত। তিনি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পার্বত্য চট্টগ্রামের রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কারণে মাম্যাচিংকে বান্দরবানের নারী রাজনীতিবিদদের মধ্যে অন্যতম পরিচিত মুখ হিসেবে বিবেচনা করা হয়।
মতামত